Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ / ০
হরমুজ প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এই ফি আরোপের পরিবর্তে তিনি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় আকারের বিনিয়োগ প্রত্যাশা করছেন। ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা, যা তিনি বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনার সময়ও গুরুত্ব দিয়ে আসছেন।

ট্রাম্পের দাবি, এই ধরনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন নতুন কারখানা ও শিল্প স্থাপনা গড়ে উঠবে। তবে এই বিনিয়োগ পরিকল্পনার কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এমনকি যেসব উপসাগরীয় দেশকে তিনি এই বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই পোস্টে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি ইরান ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত রাখা হবে। ইরানের বর্তমান নেতৃত্বকে কঠোর ভাষায় আক্রমণ করে তিনি তাদের ‘মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ’ হিসেবে অভিহিত করেন এবং তাদের ধ্বংসের পথে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন। ইরানের ওপর ‘পূর্ণ অবরোধ’ আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। এছাড়া পোস্টে ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ’ বলে মন্তব্য করলেও, এই লক্ষ্য অর্জনে তিনি কী ধরনের পদক্ষেপ নেবেন, তার কোনো ব্যাখ্যা দেননি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বিদেশি বিনিয়োগ বাড়ানো। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টি সামনে এনেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh