Facebook Twitter Instagram YouTube

বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের দফায় দফায় হামলা


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ /
বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের দফায় দফায় হামলা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে ইরান। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই হামলা প্রক্রিয়া শুক্রবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল, যা মূলত বাহরাইন, কুয়েত ও কাতারের বিভিন্ন লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে।

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিমান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে এবং বিমান হামলার সতর্কসংকেত জারি করেছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে দেশটির আকাশসীমায় ৩২টি শত্রু ড্রোন শনাক্ত করার পর সেগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান জানিয়েছেন, ড্রোনগুলো প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক এলাকায় পড়লে কিছু বসতবাড়ি ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের এই হামলায় কুয়েতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে কাতারেও হামলার প্রভাব পড়েছে। শুক্রবার ভোরে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং নিরাপত্তা ঝুঁকির মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, তাদের সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক শিশু আহত হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দেশের ওপর থাকা হুমকি কেটে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh