
ফুটবল বিশ্বকাপ জয়ের স্মৃতি বলতে এতদিন ভক্তদের চোখে সোনালি ট্রফি আর খেলোয়াড়দের গলায় ঝোলানো পদকের ছবিই ভেসে উঠত। তবে এবার সেই সোনালি ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক রাজকীয় অনুষঙ্গ—চ্যাম্পিয়নশিপ রিং। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিশ্বজয়ী দলের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করতে যাচ্ছে ফিফা।
উত্তর আমেরিকার জনপ্রিয় লিগ এনবিএ, এনএফএল কিংবা এমএলবিতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই আদলেই ফুটবলের সবচেয়ে বড় আসরে এই রিং প্রথা যুক্ত হচ্ছে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি রিং সরাসরি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বরাদ্দ থাকবে। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।
প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং আলাদা সিরিয়াল নম্বরযুক্ত হবে এবং যিনি এর মালিক হবেন, তার আঙুলের মাপ অনুযায়ী এটি তৈরি করা হবে। প্রতিটি রিংয়ের সাথে একটি করে সত্যায়নপত্র বা সার্টিফিকেট অব অথেনটিসিটি দেওয়া হবে।
টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং প্রদান করা হবে। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী চূড়ান্ত ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ এবং স্পেন তাদের দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামছে। যে দলই জয়ী হোক না কেন, ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল, যাদের আঙুলে উঠবে ফিফার এই বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।
আপনার মতামত লিখুন :