Facebook Twitter Instagram YouTube

ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত ৫ সেতু


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ /
ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত ৫ সেতু

ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে টানা ষষ্ঠ রাতের মতো বড় ধরনের অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা অবকাঠামো, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ৫০ হাজারের বেশি মার্কিন সেনা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও স্থানীয় সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ধারাবাহিক হামলায় অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া হরমোজগান প্রদেশের বান্দার খামিরের কাছে দুটি সেতুতে পৃথক হামলায় সাতজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির সামরিক ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোট পাঁচটি সেতু এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গারিভেহ ও কাহুরেস্তান সেতু অন্যতম। বান্দার আব্বাস-শিরাজ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এছাড়া কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি এবং হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বান্দার আব্বাসের পশ্চিমে তিনটি এবং বুশেহর শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, বান্দার আব্বাসে একটি টেলিযোগাযোগ টাওয়ারও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এর আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din