Facebook Twitter Instagram YouTube

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ /
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম (৬০) নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী সাদিয়া আক্তার জানান, তিনি এবং তার বন্ধুরা মোটরসাইকেলে যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারের ওপর আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তার মোটরসাইকেলটিও পাশেই পড়ে ছিল এবং তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। পরে তাদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের নাতি সোয়াত জানান, আবুল কাশেম শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা এলাকার ফজলুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং শেওড়াপাড়ায় রোড-সিমেন্টের ব্যবসা করতেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে থানার পূর্ব শেওড়া পাড়ার ১২৫৮ নং বাসায় থাকতেন। ঘটনার দিন তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ গ্রামের বাড়িতে তার বৃদ্ধা মাকে দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin