Facebook Twitter Instagram YouTube

চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ / ০
চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর বাগমারায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আসাদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে মারধর ও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী আসাদুল ইসলাম নিজেই বাদী হয়ে বাগমারা থানায় এই মামলাটি দায়ের করেন। আসাদুল ইসলাম গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলমসহ মোট ১১ জনের নাম। এছাড়া অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন আল আমিন, মোশারফ হোসেন, আল সাদিক, বাদল মোল্লা, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ও প্রদীপ কুমার।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ জুলাই রাত ১০টার দিকে আসাদুল ইসলাম গোয়ালকান্দি বাজারে তার ডিশ ও ইন্টারনেট সরবরাহ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রদল নেতা পারভেজ, সুমন ও শাহীন আলম সেখানে উপস্থিত হয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আসাদুলকে তার ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আসামিরা লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে আসাদুলের ওপর হামলা চালায় এবং তাকে পিটিয়ে জখম করে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা আসাদুলের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে ৬৫ হাজার ২৫০ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া ডিশ ও ইন্টারনেট কন্ট্রোল রুমের মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor