
বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (বীমা শাখা) পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা’র বিধি ৩-এর উপবিধি (২)-এ বর্ণিত ছকের কলাম (১)-এর ক্রমিক নং ১-এর বিপরীতে কলাম (২)-এ উল্লেখিত ‘২০২৬’ সংখ্যা ও কমা বিলুপ্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে ২০২৪ সালে অর্জিত প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি প্রদান করতে হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি গেজেট জারি করে এই ফি প্রতি হাজারে ১ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল। সরকারি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল বেসরকারি খাতের জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলো। কোম্পানিগুলোর দাবি ছিল, ফি এভাবে বাড়ানো হলে ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম অর্জনকারী একটি প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকায় দাঁড়াবে, যা পুরো খাতের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) বর্ধিত ফিকে বীমা শিল্পের জন্য অযৌক্তিক আর্থিক বোঝা হিসেবে অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছিল।
যদিও তীব্র আপত্তির মুখে গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পুনরায় ২০২৬ সালের জন্য প্রতি হাজারে ২ টাকা ৫০ পয়সা হারে ফি পরিশোধের নির্দেশনা জারি করে। পরবর্তী সময়ে বীমা কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানায়। আইডিআরএ-এর সেই সুপারিশের ভিত্তিতেই সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি আগের হারেই বহাল রাখল।
আপনার মতামত লিখুন :