Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে ৯ ঘণ্টার মাথায় ফের গ্রেফতার সম্রাট


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ / ০
গাজীপুরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে ৯ ঘণ্টার মাথায় ফের গ্রেফতার সম্রাট

গাজীপুরে পুলিশ হেফাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়ার মাত্র ৯ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার হয়েছে ডাকাতি মামলার আসামি সম্রাট। সোমবার (২০ জুলাই) দুপুরে গাজীপুর সদর মেট্রো থানার গারদখানা থেকে পালিয়ে যাওয়ার পর রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের যৌথ দল।

পুলিশ জানায়, গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামি সম্রাটকে গত রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বোর্ডবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে থানা গারদখানা থেকে পালিয়ে যায়।

আসামির পলায়নের পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), সদর মেট্রো থানা পুলিশ এবং র্যাব সমন্বিতভাবে চিরুনি অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অবশেষে ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

এ বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার ৯ ঘণ্টার মধ্যে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সম্রাটকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে একটি নিয়মিত মামলা করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, থানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। ঘটনার পরপরই র্যাব ও জিএমপির বিভিন্ন ইউনিটকে যৌথভাবে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশের দ্রুত তৎপরতা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের কারণেই এত দ্রুত পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জিএমপি সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, থানার হেফাজত থেকে আসামি কীভাবে পালিয়ে গেল, তা খতিয়ে দেখতে বিভাগীয় পর্যায়ে পর্যালোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor