Facebook Twitter Instagram YouTube

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর নতুন মিশন প্রধানের বৈঠক


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ /
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর নতুন মিশন প্রধানের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) নতুন চিফ অব মিশন ড. লরা টম-বন্ড স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ড. লরা টম-বন্ড বাংলাদেশে আইওএম-এর মিশন প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আইওএম-এর মধ্যকার দুই দশকের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম জোরদার করা, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে ড. লরা টম-বন্ড জানান, আইওএম-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফর উপলক্ষে আগামী ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

নতুন মিশন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের দিকনির্দেশনা ও পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ (আইবিএম) কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইওএম।

এ ছাড়া মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন কার্যক্রম এবং এ ক্ষেত্রে আইওএম-এর কারিগরি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থাটির পক্ষ থেকে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএম-এর ন্যাশনাল কনসালটেন্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin