
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের ওপর নতুন কোনো শুল্ক যুক্ত হচ্ছে না। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে অংশগ্রহণের বিষয়ে সরকার প্রচেষ্টা চালিয়ে যাবে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতির কাজের জন্য তার বিরুদ্ধে মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বা পরের কোনো অপরাধের নজির থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব।
জ্বালানি খাতের বর্তমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই বর্তমানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন যে, এতদিন জ্বালানি নিরাপত্তার চেয়ে অলিগার্কদের সুবিধা দেওয়াতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে তিনি জানান, ওই সময় পুলিশ মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল ও ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছে। এছাড়া ২০১৮ সালের নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তবে এ বিষয়ে বিচার না হওয়াকে তিনি অবিচার হিসেবে আখ্যায়িত করেন।
শাপলা চত্বরের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার এই ঘটনাকে উপেক্ষা করছে না এবং আইন ভঙ্গকারী যেই হোক না কেন, এর যথাযথ বিচার নিশ্চিত করা হবে। সরকার তার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সময় যে আইনগুলো ভঙ্গ হয়েছে, সেগুলোর বিচার প্রক্রিয়া নিশ্চিত করবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :