Facebook Twitter Instagram YouTube

স্বাস্থ্য খাত শক্তিশালী করতে চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের আহ্বান মন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ /
স্বাস্থ্য খাত শক্তিশালী করতে চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের আহ্বান মন্ত্রীর

দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী ও জনমুখী করে গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান জনসংখ্যা অনুপাতে দেশে চিকিৎসকের সংখ্যা এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এর পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে সাধারণ মানুষের জন্য কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট উত্তরণে সরকার ও চিকিৎসকদের সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

অতীতে স্বাস্থ্য খাতে সৃষ্ট নানা অসঙ্গতি দূর করে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল। এ লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের কর্মস্থলে থেকে দায়িত্বশীলতার সঙ্গে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও মন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, চিকিৎসকদের সব যৌক্তিক দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসকদের যেকোনো সমস্যা সমাধানে সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh