
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার শরণার্থী ক্যাম্পে যান তারা।
প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পরিদর্শন করে। এছাড়া তারা সম্প্রসারিত ৮-ওয়েস্ট এবং ৬নং ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় তারা ক্যাম্পের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তার মতো মানবিক বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শনের সময় রোহিঙ্গারা প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফেরার আকুতি জানান। তাদের একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘You have a home, we miss our home.’ এই বার্তার মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের দাবি আবারও তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যরা কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সংকটের বিভিন্ন দিক সম্পর্কে জানার চেষ্টা করেন।
সার্জিও গোর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান। একই দিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন।
আপনার মতামত লিখুন :