
দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার কাঠামোর মধ্যে আনতে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি)। শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কমিশন গঠনের লক্ষ্যে প্রণীত অ্যাকশন প্ল্যান ও খসড়া নীতিমালা খুব শিগগিরই সরকারের অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠিত হলে সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, জবাবদিহি ও নৈতিক চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর কাঠামো তৈরি হবে। এতে সৎ, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকরা রাষ্ট্রীয়ভাবে উৎসাহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাবেন। একই সঙ্গে যারা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড লঙ্ঘন করবেন, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে পারবেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত কমিশন সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সংবাদপেশার মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, গণমাধ্যমের উন্নয়ন সরকারের একার দায়িত্ব নয়; সাংবাদিক, গণমাধ্যম মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহিন স্বাগত বক্তব্য দেন। সভায় বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জবালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বরিশালের প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সংবাদকর্মী অংশ নেন এবং সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আপনার মতামত লিখুন :