Facebook Twitter Instagram YouTube

চীন-ভারত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ /
চীন-ভারত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ঢাকার বর্তমান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্বেগের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং চীন-ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা এমন কোনো আলোচনাই হয়নি। তাই তিনি ধরে নিচ্ছেন এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই।

বৈঠক শেষে মার্কিন কূটনীতিক সার্জিও গর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, তার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন যে, এ ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ড. খলিলুর রহমান জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে সার্বিক অগ্রগতির পথ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তিনি স্মরণ করিয়ে দেন যে, গত সপ্তাহে ম্যানিলায় সার্জিও গরের সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং একই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। বর্তমানে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অভিমুখে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশ যে সহায়তা পায়, তার অর্ধেকেরও বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের বিষয়টি বৈঠকে আলোচনা না হলেও, বাংলাদেশ আশা করে যে যুক্তরাষ্ট্র তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে এবং সংকট সমাধানে বহুপাক্ষিক উদ্যোগে সহযোগিতা করবে। সার্জিও গর তার সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও তিনি জানান। তিনি আরও স্পষ্ট করেন যে, মিয়ানমারে কথিত মানবিক করিডোর নিয়ে যুক্তরাষ্ট্র কখনোই কোনো প্রস্তাব দেয়নি।

প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ই কথা বলতে পারবে। এছাড়া জ্বালানি সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতা চলমান থাকলেও গ্যাস অনুসন্ধান বা উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। এছাড়া বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর, আওয়ামী লীগ বা তাদের কার্যক্রম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান। সার্জিও গরের তিনদিনের সফরের শেষ দিনে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin