
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ড. আতিক মুজাহিদ। এ সময় তিনি আহত নেতাকর্মীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। হামলায় আহত এনসিপি নেতার নাক ফেটে গেছে, চোখে গুরুতর আঘাত পেয়েছেন এবং মাথায়ও আঘাত লেগেছে বলে তিনি জানান।
ঘটনার বর্ণনা দিয়ে সংসদ সদস্য বলেন, ফুলবাড়ীতে এনসিপির শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার পথে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক শাওনের ওপর এই হামলা চালানো হয়। তিনি বলেন, জাহেলিয়াতের যুগে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে যেভাবে নির্যাতন ও মারধর করা হতো, ঠিক সেই কায়দায় আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। আল্লাহর রহমতে শাওন এখনো বেঁচে আছেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ড. আতিক মুজাহিদ বলেন, প্রশাসন অনেক ক্ষেত্রেই নীরব ভূমিকা পালন করছে। কোথাও কোথাও অভিযোগের পরও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পন্থায় রাজনীতি আসা উচিত। আমরা আজাদী এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
আপনার মতামত লিখুন :