Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ / ০ Views
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে সার্জিও গোর জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা দারুণ ছিল এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

এর আগে দুপুরে ঢাকায় পৌঁছানোর পর নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের রাজধানীতে পৌঁছাতে পেরে এবং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মিলিত হতে পেরে তিনি আনন্দিত। তিনি আগামী দুই দিন বেশ ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা করছেন বলেও উল্লেখ করেন।

মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা তার ঝটিকা সফরে বেশ ব্যস্ত সময় পার করবেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার রাতেই তার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। এছাড়া সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটি যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ঢাকা সফর। ফলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh