Facebook Twitter Instagram YouTube

ঢাকার আরও ৫০ মোড়ে বসবে এআই ট্রাফিক সিগন্যাল


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ /
ঢাকার আরও ৫০ মোড়ে বসবে এআই ট্রাফিক সিগন্যাল

ঢাকার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এই সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।

প্রশাসক জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এই আধুনিক সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে প্রাথমিকভাবে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।

আবদুস সালাম বলেন, এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আর রোদে বা বৃষ্টিতে দাঁড়িয়ে হাতে সংকেত দিতে হবে না। আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা মহানগরের আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এই সিগন্যাল ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে, যার মধ্যে ডিএসসিসির আওতাধীন ২২টি মোড় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে শুধুমাত্র প্রযুক্তির ওপর নির্ভরশীল হলেই যানজট দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক। তিনি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, সিগন্যাল অমান্য করা, নির্দিষ্ট লেন ব্যবহার না করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম লঙ্ঘন এবং মোড়ে অবৈধ বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানার পাশাপাশি বারবার আইন ভাঙলে ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং গাড়ির কাগজপত্র জব্দের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din