
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের ওভাল অফিসে এবং বিভিন্ন অনুষ্ঠানে ঝিমিয়ে পড়া বা তন্দ্রাচ্ছন্ন হওয়ার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও কৌতুক শুরু হয়েছে। নেটিজেনদের অনেকে ট্রাম্পের এই ঘুমঘুম ভাব নিয়ে নানা গুঞ্জন ও ট্রল করছেন। বিশেষ করে, জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প তাকে প্রায়ই ‘স্লিপি জো’ বলে যে বিদ্রূপ করতেন এবং তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতেন, এখন সেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ট্রাম্পকে নিজেই। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে এখন ‘স্লিপি ট্রাম্প’ মন্তব্য দেখা যাচ্ছে।
এই আলোচনার সূত্রপাত গত ১০ আগস্ট ওভাল অফিসের একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান থেকে। সেখানে ট্রাম্পকে বারবার চোখ খুলে রাখতে বেশ বেগ পেতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দর্শকেরা লক্ষ্য করেন, ট্রাম্প যখনই ঢুলছিলেন, তার পেছনে দাঁড়িয়ে থাকা এক নারী নিজের পেটে হাত দিয়ে কিছু একটা চাপছিলেন এবং ঠিক তখনই ট্রাম্প ঝট করে জেগে উঠছিলেন।
এই দৃশ্য দেখার পর নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন যে, ট্রাম্প ঘুমিয়ে পড়লে তাকে সতর্ক করার জন্য ‘দ্য জ্যাপার’ নামের এক বিশেষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বৈদ্যুতিক বোতাম চেপে প্রেসিডেন্টকে জাগিয়ে তোলেন। তবে ইন্টারনেটের এই মুখরোচক ষড়যন্ত্র তত্ত্বটি একেবারেই উড়িয়ে দিয়েছেন বিশ্লেষক ও সচেতন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। তারা যুক্তি দিয়েছেন, পেছনে দাঁড়িয়ে কোনো মানুষের পক্ষে প্রেসিডেন্টের চোখের পাতা বন্ধ হওয়া বোঝা অসম্ভব। এছাড়া সরাসরি ক্যামেরার সামনে এমন কোনো ডিভাইস ব্যবহারের দাবি অবাস্তব ও ভিত্তিহীন।
আপনার মতামত লিখুন :