Facebook Twitter Instagram YouTube

নোয়াখালীতে জোড়া খুন: প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস দুইজন


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ণ /
নোয়াখালীতে জোড়া খুন: প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস দুইজন

নোয়াখালীর বেগমগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা জোড়া খুনের মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই মামলায় অভিযুক্ত অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৩ সালের ২ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিঝি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এই বিরোধের জেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়। এতে সেতারা বেগম ও খলিল নামের দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

হামলার এই ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের মধ্যে পাঁচজন এখনও অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর আবদুস সহিদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন, যা জিআর নম্বর ৪৯৯/১৩ হিসেবে নথিভুক্ত হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy