Facebook Twitter Instagram YouTube

বেগমগঞ্জে অটোরিকশা চালককে জিম্মি করে নির্যাতন ও টাকা ছিনতাই


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ /
বেগমগঞ্জে অটোরিকশা চালককে জিম্মি করে নির্যাতন ও টাকা ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবভদ্রি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

ভুক্তভোগী চালক রাকিবের অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে তিনি তার ভাড়া বাসায় ফিরছিলেন। পথে স্থানীয় হায়দার বাড়ির দরজার কাছে একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। এরপর পিস্তল ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়।

রাকিব জানান, ওই স্থানে তাকে জিম্মি করে নির্যাতন করা হয় এবং তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত হিসেবে তিনি একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮)-এর নাম উল্লেখ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy