Facebook Twitter Instagram YouTube

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ /
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিচ্ছেন না—এটি এখন নিশ্চিত। তবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় সফর আয়োজন নিয়ে দুই দেশের রাজনৈতিক স্তরে যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগস্টের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরের বিষয়ে গত চার দিন ধরে দুই পক্ষ নিবিড় আলোচনায় ব্যস্ত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তারেক রহমানের এই সফরের দিনক্ষণ এবং গুরুত্বপূর্ণ কিছু ইস্যু চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে গতকাল বৃহস্পতিবারও যোগাযোগ হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনা এড়িয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা পৌঁছে দিতে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনা নিতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি ভারতের একাধিক নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করেছেন। আজ শুক্রবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ঢাকায় ফিরে তিনি সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন, যেখানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ও সহায়ক পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি। তিনি বলেন, দেশে রাষ্ট্রপতি নির্বাচন, পার্লামেন্ট সেশন এবং অন্যান্য সাংবিধানিক ও সরকারি কর্মসূচির কারণে সরকার ও প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন। তবে সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক।

ভারত সফরের মাধ্যমে টানাপোড়েন কমার সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের প্রধান যখন বসেন, তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ থাকে। তিনি বলেন, ‘আমরা আশা করি ভারত সেই সুযোগের সদ্ব্যবহার করবে।’ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে তা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না। রক্তের দাগ এখনো শুকায়নি, তাই এ বিষয়ে ভারতকেও সংবেদনশীল হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo