
দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান করা সম্ভব হবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতিকে ঘিরে দেশে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, সরকার গ্যাসের সমস্যা সমাধানে নিরলস কাজ করছে। ইতোমধ্যে কারিগরি ত্রুটি কমানো হয়েছে এবং দ্রুতই বিদ্যুৎ সমস্যার সমাধান মিলবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় বিরোধীদলের তীব্র সমালোচনা করেন সরকারপ্রধান। তিনি এসব সমস্যা সমাধানে বিরোধীদলকে তিন মাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র বজায় থাকলে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব। সরকারের উন্নয়নমূলক পরিকল্পনার অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে। এছাড়া দেশের উপজেলা পর্যায়ে থাকা ৫০ শয্যার সব হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি।
আপনার মতামত লিখুন :