Facebook Twitter Instagram YouTube

সেন্ট গ্রেগরি স্কুলে দেশের প্রথম জাদুঘর তৈরিতে সমঝোতা চুক্তি


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ /
সেন্ট গ্রেগরি স্কুলে দেশের প্রথম জাদুঘর তৈরিতে সমঝোতা চুক্তি

সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের কোনো বিদ্যালয়ে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ জাদুঘর তৈরির পরিকল্পনা নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। "রক্ষা এবং সংরক্ষণ" স্লোগানকে সামনে রেখে একদল সাবেক গ্রেগরিয়ানদের দীর্ঘদিনের পরিশ্রম ও প্রচেষ্টার ফসল হিসেবে এই জাদুঘরটি স্কুল প্রাঙ্গণেই নির্মাণ করা হচ্ছে।

জাদুঘর নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিতে সম্প্রতি স্কুল প্রাঙ্গণে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে টিজিএস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএস-এর সহ-সভাপতি ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ ব্যাচের রিচার্ড গোমেজ, প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ এবং টিজিএস-এর সদস্যবৃন্দ। দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে সাবেক গ্রেগরিয়ানরা এই জাদুঘর নির্মাণে অবদান রেখেছেন। আগামী ১৩ নভেম্বর, ২০২৬ সালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy