
ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।
রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিকুর রহমান খান বলেন, শেখ হাসিনা আর শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। তিনি আরও বলেন, ভারতের মুখের উপর এমন জবাব কোনো প্রধানমন্ত্রীকে দিতে এই প্রথম দেখলাম।
সাদিকুর রহমান খান তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশ আজ শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জয়লাভ করেনি, বরং সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়েছে। তিনি লেখেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছি এবং ভবিষ্যতেও করব। তবে দিল্লির চোখ রাঙানি আর বদমায়েশি উপেক্ষা করে সিনা টান করে ও চোখে চোখ রেখে কথা বলার সাহসের জন্য তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, দেশের প্রশ্নে আমাদের মত, দ্বিমত বা শতমত থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ, হাসিনা ও দিল্লির প্রশ্নে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। দিল্লি না ঢাকা—এই প্রশ্নের জবাব জুলাই মাসেই বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। সরকারের আজকের এই বিবৃতিতে মানুষের সেই কণ্ঠের প্রতিধ্বনি দেখতে পাওয়া বিশাল আনন্দের। ১৭ বছরের পরাধীনতার পর স্বাধীনতার আনন্দ এমনই তীব্র হয় বলে মন্তব্য করেন এই অ্যাক্টিভিস্ট।
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২: ১৯আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২২: ৩০
আপনার মতামত লিখুন :