
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে ৪ হাজার ৫০০ গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’। শনিবার (২২ আগস্ট) দুপুরে সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সমাবেশে বন বিভাগের কথিত সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্যসচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসানসহ সামাজিক বনায়নের সুবিধাভোগী প্রতিনিধি ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা।
বক্তারা বন বিভাগকে সতর্ক করে দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি গাছ কাটা বন্ধ না হয়, তবে হাওর অঞ্চলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে, এই গাছ কাটা ও বিক্ষোভের বিষয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :