
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে সরকারের জ্বালানির বিল পরিশোধে অতিরিক্ত ৪ থেকে ৫ বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘অর্থনৈতিক পরিস্থিতি; প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সব ধরনের জ্বালানি উৎসের মধ্যে সমন্বয় সাধন করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে প্রাথমিকভাবে সৌরশক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাজেটে এ লক্ষ্যে নানা সুবিধা রাখা হয়েছে। তিনি এই খাতে উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। জ্বালানি খাতের বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, সরকার জ্বালানি খাতে তিন মাসের মজুত নিশ্চিত করতে কাজ করছে।
আর্থিক খাতের সংস্কার ও পুনরুদ্ধার প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যারা শর্ত পূরণ করতে পারবে, তারা এই ঋণ সহায়তা পাবে এবং এক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। তিনি আরও বলেন, স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ আসবে না। কর-জিডিপির অনুপাত বৃদ্ধি ও অটোমেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, অর্থায়নের জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার এবং সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। হোসেন জিল্লুর রহমান অর্থনীতির সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ‘ইকোনমিক রিফর্ম এক্সিলারেশন ইউনিট’ গঠনের প্রস্তাব করেন। আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বিনিয়োগ স্থবিরতা ও উচ্চ উৎপাদন ব্যয়ের কথা তুলে ধরেন। পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার নীতিমালা ও বাস্তবায়নের ফারাক এবং উচ্চ শুল্কহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সিপিডির মোস্তাফিজুর রহমান রাজস্ব আহরণে বিপ্লব এবং মুদ্রানীতি সংস্কারের ওপর জোর দেন।
সেমিনারে মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২৬ শতাংশ হলেও বেসরকারি খাতে তা মাত্র ৫ শতাংশ। বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক ব্যাংকের তারল্য বাড়ানোর পরামর্শ দেন। ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানও বিনিয়োগ পরিবেশ ও আর্থিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :