
অ্যাডভেঞ্চারপ্রিয় রাইডারদের কথা মাথায় রেখে বাংলাদেশের বাজারে নতুন মোটরসাইকেল মডেল এনেছে হিরো মোটোকর্প। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় সিরিজের নতুন সংস্করণ এক্সপালস ২০০ ৪ভি (Xpulse 200 4V) এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো (Xpulse 200 4V Pro) বাজারে উন্মুক্ত করেছে। হিরোর ভাষ্যমতে, এই নতুন মডেলগুলো দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি অফ-রোড ও ট্রেইল রাইডিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশে ১২ বছরের সফল কার্যক্রমের পর এই নতুন সিরিজকে স্থানীয় বাজারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে হিরো মোটোকর্প।
হিরো মোটোকর্পের সিইও হর্ষবর্ধন চিতালে জানান, বাংলাদেশে তারা কেবল মোটরসাইকেল বাজারজাতকরণের ওপরই জোর দিচ্ছেন না, বরং উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সাপ্লাই ও সার্ভিস ইকোসিস্টেম গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। নতুন এই মডেল দুটিতে ১৯৯.৬ সিসির ৪-ভালভ সিঙ্গেল-সিলিন্ডার অয়েল-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোটরসাইকেলগুলোতে ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে।
রাইডারদের নিরাপত্তার জন্য এতে রোড, অফ-রোড ও র্যালি—এই তিন ধরনের এবিএস মোড দেওয়া হয়েছে। এছাড়া মোটরসাইকেলগুলোতে ডুয়াল-পারপাস টায়ার, অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং এলইডি হেডল্যাম্প ও ডিআরএল সুবিধা রয়েছে।
এক্সপালস ২০০ ৪ভি মডেলটি মূলত দৈনন্দিন ব্যবহার ও হালকা ট্রেইল রাইডের জন্য ডিজাইন করা হয়েছে, যার সিট হাইট ৮২৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিমি। অন্যদিকে, এক্সপালস ২০০ ৪ভি প্রো মডেলটি দুর্গম পথের জন্য বিশেষভাবে তৈরি। এতে ২৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ৮৯১ মিমি সিট হাইট এবং উন্নত অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। এর সামনে ২৫০ মিমি এবং পেছনে ২২০ মিমি সাসপেনশন ট্রাভেল থাকায় এটি কঠিন রাস্তায় বেশি সক্ষমতা প্রদর্শন করতে পারে।
বাংলাদেশে নিলয় মোটরসের মাধ্যমে হিরোর সব মোটরসাইকেল বাজারজাত করা হচ্ছে। বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির ৫৩০টিরও বেশি অনুমোদিত সেলস ও সার্ভিস আউটলেট রয়েছে। এক্সপালস ২০০ ৪ভি মডেলটির দাম ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো মডেলটির দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মোটরসাইকেল ক্রয়ের সঙ্গে ক্রেতারা ৫ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা পাবেন।
আপনার মতামত লিখুন :