Facebook Twitter Instagram YouTube

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ / ০
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় জিলা স্কুলের এক সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শনিবার রাতে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এছাড়া কয়েকদিন ধরে ওই শিক্ষকের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না পেরে তার আত্মীয়-স্বজনরা এলাকায় এসে বাড়িতে তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পুলিশ জানিয়েছে, বাড়ির দোতলার সিঁড়ির কাছে স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। এছাড়া একটি কক্ষের ভেতরে খাটের নিচ থেকে পরিবারের ছোট ছেলে আয়াসের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় বাড়ির বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন ছিল এবং বাড়ির জিনিসপত্র তছনছ ও ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া গেছে। তবে কীভাবে বা কী কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh