Facebook Twitter Instagram YouTube

মিয়ানমারে মঠে সামরিক বিমান হামলায় ১৪ বৃদ্ধ নিহত


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
মিয়ানমারে মঠে সামরিক বিমান হামলায় ১৪ বৃদ্ধ নিহত

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলায় একটি বৌদ্ধ মঠে অন্তত ১৪ জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকর্মী ও বিদ্রোহীদের বরাত দিয়ে বিবিসি বার্মিজ ও বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। হামলায় কয়েকজন বৌদ্ধ ভিক্ষুও আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিয়াউং টাউনশিপের একটি মঠে এই হামলা চালানো হয়। এলাকাটি মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। নিহতদের সবাই বয়স্ক ছিলেন এবং তারা বৌদ্ধদের বর্ষাবাস বা বুদ্ধিস্ট লেন্ট উপলক্ষে একটি ধ্যান অনুষ্ঠানে অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন। হামলার সময় উপস্থিত ব্যক্তিদের অনেকেই ধ্যানরত অবস্থায় ছিলেন।

গণতন্ত্রপন্থী বিদ্রোহী নওয়ে উ মিয়াউং এএফপিকে জানিয়েছেন, নিহত ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাদের বয়স আনুমানিক ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা এবং বাকি নয়জন পাশের একটি টাউনশিপের বাসিন্দা ছিলেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক বিরোধী যোদ্ধা জানান, মঠটিতে দুই দফায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, প্রথম হামলার পর যখন তারা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছিলেন, তখন বিমানটি দ্বিতীয় দফায় বোমা ফেলতে আসে।

মিয়ানমারের সামরিক বাহিনী এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে এর আগে দেশটির সেনাবাহিনী বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এরপর থেকে দেশটিতে সামরিক শাসন জারি রয়েছে। সামরিক বাহিনী প্রায়ই বেসামরিক স্থাপনা ও জনবসতিতে বিমান হামলা চালানোর অভিযোগের মুখে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী ও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy