
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে তাদের এই যাত্রাপথ নিয়ে ফুটবল বিশ্বে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো পর্যায়েই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর মধ্যে থাকা কোনো দলের মুখোমুখি হতে হয়নি লিওনেল স্কালোনির শিষ্যদের।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া (র্যাঙ্কিং ৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডান (৬৩)। এরপর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা দলগুলোর গড় ফিফা র্যাঙ্কিং প্রায় ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ ফাইনালের পথে এখনও পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলের বিপক্ষেই তাদের পড়তে হয়নি।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে আছে। এছাড়া সেমিফাইনালে ওঠার সমীকরণে যদি নরওয়ে ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে শেষ চারে আর্জেন্টিনা পাবে ৩০তম স্থানে থাকা নরওয়েকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিসংখ্যান নিয়ে চলছে তুমুল আলোচনা। একপক্ষের মতে, এটি ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক সমীকরণ। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সহজ পথ পেয়েই কি আর্জেন্টিনা ফাইনালের দুয়ারে পৌঁছে যাচ্ছে?
তবে ফুটবলের বাস্তবতা ভিন্ন। র্যাঙ্কিং কম হলেও নকআউট পর্বে কোনো প্রতিপক্ষই সহজ নয়। এর বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে শেষ ষোলোর ম্যাচটিকে। মিশরের বিপক্ষে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের।
আপনার মতামত লিখুন :