Facebook Twitter Instagram YouTube

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ /
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ১৯ জুলাই তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, তুর্কি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওলু এবং তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেলের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি ইস্তাম্বুল নৌ জাহাজ নির্মাণশালার পরিচালক রিয়ার অ্যাডমিরাল রেজেপ এরদিনচ ইয়েতকিন এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

তুরস্কের স্থলবাহিনীর প্রধান কার্যালয় পরিদর্শনের সময় জেনারেল ওয়াকার-উজ-জামানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে তিনি দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আইএসপিআর জানায়, সফরকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পে পারস্পরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় পক্ষই ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনি কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে তিনি পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেছেন। এই সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh