Facebook Twitter Instagram YouTube

এশিয়া কাপের সূচি চূড়ান্ত: ভারত-পাকিস্তান একই গ্রুপে


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ /
এশিয়া কাপের সূচি চূড়ান্ত: ভারত-পাকিস্তান একই গ্রুপে

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস অনুযায়ী, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।

২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ২৯ আগস্ট শ্রীলঙ্কা খেলবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত ও থাইল্যান্ড এবং ৩১ আগস্ট বাংলাদেশ ও ইন্দোনেশিয়া নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।

টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। এছাড়া ১ সেপ্টেম্বর পাকিস্তান-থাইল্যান্ড, ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা, ৩ সেপ্টেম্বর ভারত-হংকং এবং ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া-আরব আমিরাতের ম্যাচ রয়েছে। ৫ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ৭ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ আরব আমিরাতের মোকাবিলা করবে।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে, যা অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ১৩ সেপ্টেম্বর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh