
শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত 'জুলাই জাদুঘর' পরিদর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে জাদুঘরে প্রবেশের জন্য আগ্রহীদের আগে থেকেই অনলাইনে স্লট বুকিং করতে হবে এবং নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করেই ভেতরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। গত ৬ আগস্ট থেকে এই জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।
জাদুঘরটিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনের সময়কার আলোকচিত্র, দলিল, ভাস্কর্য, এবং শহীদদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী ও রক্তাক্ত পোশাক। সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিভিন্ন স্থানে সাজানো এই প্রদর্শনীতে জুলাই আন্দোলনের স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে।
অনলাইনে টিকিট সংগ্রহের জন্য দর্শনার্থীদের প্রথমে 'জুলাই ৩৬' ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের পছন্দমতো ভিজিটের সময় নির্বাচন করে টিকিট সংগ্রহ করা যাবে। জাদুঘরটি প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :