
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা ব্যবস্থা দ্রুত ঠিক করতে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, পরিস্থিতি সামাল দিতে না পারলে দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি সব ঠিক করে দেবেন।
প্রথম বার্তার কিছুক্ষণ পর অন্য একটি পোস্টে তিনি বিকল্প প্রস্তাব উত্থাপন করেন। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে তাকে দায়িত্ব না দেওয়া হলেও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে সেই দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, জাহাঙ্গীর আলম বর্তমান অবস্থার চেয়ে শতগুণ ভালো নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সেই সঙ্গে তিনি সাবেক এই উপদেষ্টার সময়কার 'অপারেশন ডেভিল হান্ট'-এর কথা সবাইকে স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্বকালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :