
ভারতের আসাম রাজ্যে গত ১৭ ও ১৮ অক্টোবর পরিচালিত সরকারি অভিযানে ১১০০টিরও বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম। মূলত নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম সিয়াসাত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, অভিযানের প্রথম দিন ১৭ অক্টোবর তিন জেলায় ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়, যার মধ্যে নগাঁও জেলায় ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার ছিল।
পরবর্তী দিন ১৮ অক্টোবর নগাঁও জেলার লুটুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে আরও ৫০০ থেকে ৬০০ পরিবারের বাড়িঘর ভেঙে ফেলা হয়। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের একটি বড় অংশ বাঙালি মুসলিম। অভিযানে বুলডোজার বা খননযন্ত্র পৌঁছানোর আগেই অনেক বাসিন্দা নিজেদের মালপত্র নিয়ে এলাকা ত্যাগ করতে বাধ্য হন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বনভূমি দখলমুক্ত করার এই প্রক্রিয়া চলমান থাকতে পারে।
লুটুমারি এলাকার বাসিন্দারা সরকারি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তাদের দাবি, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রচলিত ‘টাউঙ্গিয়া’ ব্যবস্থার আওতায় তাদের পূর্বপুরুষেরা বন বিভাগের শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সরকারই তাদের সেখানে বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। উচ্ছেদের শিকার আবদুল নূর জানান, ১৯৭৪ সালে তার পরিবারকে ওই জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানে কয়েক দশক পুরোনো ১০টিরও বেশি মসজিদ ভেঙে ফেলা হয়েছে।
উচ্ছেদের শিকার পরিবারগুলো গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পায়নি। গত জুন মাসে আদালত তাদের ৩০ দিনের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সংরক্ষিত বনাঞ্চল রক্ষার জনস্বার্থ ব্যক্তিগত বসবাসের দাবির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছিল।
এর আগেও বিভিন্ন সময়ে আসামের নানা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গত বছরের নভেম্বরে লুটুমারি এলাকায় আরেকটি অভিযানে প্রায় ১,৭০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া হোজাই জেলার যমুনা-মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চল এবং গোলাঘাট জেলার ২ নম্বর নেঘেরিবিল এলাকাতেও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, আসামে বিজেপির এক দশকের শাসনামলে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যার অধিকাংশই মুসলিম। বনভূমি উদ্ধারের যুক্তিতে পরিচালিত এসব অভিযানকে কেন্দ্র করে ভূমির অধিকার ও পুনর্বাসন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভারতের আসামে দুই দিনে এক হাজার ১০০টির বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই বাঙালি মুসলিম। রাজ্যের নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় এ অভিযান চালানো হয়। গত ১৭ ও ১৮ অক্টোবর এসব অভিযান চালানো হয় বলে সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর সিয়াসাত ডেইলির।
আপনার মতামত লিখুন :