
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তিনি সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সব ধর্মের মানুষ মিলে বাংলাদেশ স্বাধীন করেছে, তাই এই দেশ গড়ে তোলার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নির্বাচন পরবর্তী সরকার পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে। এ প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং কৃষক কার্ড চালুর কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
দেশের ধর্মীয় নেতাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের খেটে খাওয়া প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা যারা বাংলাদেশে আছি, এই দেশ আমাদের সবার। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আপনারা আছেন আমার সঙ্গে? তখন উপস্থিত জনতা হাত উঁচিয়ে সম্মতি জানান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রত্যাশা ব্যক্ত করেন যে, সবাই মিলে পরিশ্রম করে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবেন।
আপনার মতামত লিখুন :