
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি দুই তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর সেটি ধসে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় গণমাধ্যম। তাদের কাছে পাওয়া ব্যক্তিগত কাগজপত্র ও নথিপত্রের ভিত্তিতে জানা গেছে যে, নিহতদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় পাশের আরেকটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।
শুক্রবার ঘটা এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এথেন্সের মেয়র হারিস দুকাস প্রাথমিক ধারণা দিয়েছেন যে, এটি বড় ধরনের গ্যাস লিকেজ থেকে হয়ে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার খাতিরে ওই ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে। মেয়র জানিয়েছেন, বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং দুটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে।
স্থানীয় বাসিন্দারা ঘটনার আগে থেকেই কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কবার্তা পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একটি নাগরিক সংগঠন দাবি করেছে, বিস্ফোরণস্থলের একটি বাড়ির বাসিন্দারা কয়েক সপ্তাহ ধরেই গ্যাসের গন্ধ পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। গ্রিক পুলিশ বাসিন্দাদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস বা কোন পদার্থ থেকে এই বিপত্তি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।
আপনার মতামত লিখুন :