
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য প্রতিবেদনে জনস্বাস্থ্যের একটি তুলনামূলক চিত্র উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশিদের গড় আয়ু প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত বাংলাদেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৭ বছরে উন্নীত হয়েছে। একই সময়ে ভারতের নাগরিকদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭১ বছরে এবং পাকিস্তানের মানুষের গড় আয়ু ৬৮.২ বছর। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রে এই হার ৭৮.৫ বছর এবং কানাডায় ৮১.৪ বছর।
তবে প্রতিবেদনে কেবল দীর্ঘায়ু হওয়াকেই সুস্বাস্থ্যের একমাত্র সূচক হিসেবে গণ্য না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। ভারতের ক্ষেত্রে ২০২৩ সালে সুস্থ জীবনের প্রত্যাশিত গড় আয়ু (হেলদি লাইফ এক্সপেক্টেন্সি) দাঁড়িয়েছে ৬০.৬ বছর। ২০১৯ সালে এই হার ছিল ৬০.৫ বছর। করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে তা কমে ৫৮.৪ বছরে নেমে গেলেও, পরবর্তী দুই বছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :