Facebook Twitter Instagram YouTube

২০৩৬ সালে ২০ কোটিতে পৌঁছাবে জনসংখ্যা, জনমিতিক লভ্যাংশ অর্জনে প্রস্তুতির তাগিদ


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ণ / ০
২০৩৬ সালে ২০ কোটিতে পৌঁছাবে জনসংখ্যা, জনমিতিক লভ্যাংশ অর্জনে প্রস্তুতির তাগিদ

বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশে বর্তমানে প্রায় ১৮ কোটি মানুষ বসবাস করছে। আয়তনে বিশ্বে ৯৩তম এবং এশিয়ায় ২৬তম স্থানে থাকা এই ক্ষুদ্র ভূখণ্ডটি পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের অঞ্চল হিসেবে পরিচিত। এই বাস্তবতায় দাঁড়িয়ে আগামী এক দশকে দেশের জনসংখ্যার গতিপ্রকৃতি কেমন হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কি না, তা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে বিশেষ মনোযোগ দেওয়ার তাগিদ দেখা দিয়েছে। বর্তমানে জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় কাজ করছে, তবে সঠিক গুণগত উপাত্ত ও টেকসই নীতির প্রয়োগই ঠিক করবে বাংলাদেশের ভাবিষ্যৎ অর্থনৈতিক প্রগতির গতিপথ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকেরা চীনের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে বাংলাদেশের জনমিতিক লভ্যাংশ অর্জনের সম্ভাবনার ওপর একটি গবেষণা পরিচালনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, জন্ম ও মৃত্যুহার হ্রাসে জনমিতিক রূপান্তর মডেলের তৃতীয় পর্যায়ে পৌঁছে ২০৩৬ সাল পর্যন্ত বাংলাদেশে নির্ভরশীলতার হার সবচেয়ে অনুকূল অবস্থায় থাকবে। ওই সময়ে দেশের জনসংখ্যা পৌঁছে যাবে প্রায় ২০ কোটিতে। তখন ১৫-৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা পৌঁছে যাবে চূড়ান্ত পর্যায়ে, তখন নির্ভরশীলতার হার হবে সর্বনিম্ন। ২০৩৬ সালে মোট জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ বা সাড়ে ১১ কোটি মানুষ থাকবে কর্মক্ষম বয়সসীমায়, যা প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের উপযুক্ত সময়।

তবে কর্মক্ষম এই বৃহৎ জনগোষ্ঠীকে সময়মতো দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে এটি সুযোগের বদলে বিশাল বোঝা বা ডেমোগ্রাফিক বার্ডেনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সুশিক্ষা, সুস্বাস্থ্য, কারিগরি ও ডিজিটাল দক্ষতা, কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ এবং সুশাসনের অভাবে যুবসমাজের বেকারত্ব ও সামাজিক অস্থিরতা তীব্র হতে পারে। এ ক্ষেত্রে মানবপুঁজি গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতে চীন যে ধরনের ধারাবাহিক গুরুত্ব দিয়েছে, বাংলাদেশেও তেমন কৌশল বাস্তবায়নের তাগিদ দেওয়া হচ্ছে।

একই সঙ্গে দেশে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। বর্তমানে দেশে মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বা ১.২ কোটি মানুষ ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী। আগামী ২০২৭ সালেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি ‘এইজিং সোসাইটি’ বা বার্ধক্যমুখী সমাজে রূপ নেবে। ২০৩৬ সাল নাগাদ ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়ে যাবে ১২ দশমিক ২৬ শতাংশের ওপরে এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণের হার হবে ৮ দশমিক ৫২ শতাংশ। ফলে শিশুদের সংখ্যা কমে প্রবীণদের সংখ্যা বাড়ায় দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা, জেরিয়াট্রিক ও মানসিক স্বাস্থ্যসেবা, পেনশন, দীর্ঘমেয়াদি পরিচর্যা ও পরিবার ভিত্তিক যত্নের বিকল্প ব্যবস্থা এখনই গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে, যা দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ অর্জনে সহায়তা করবে।

বিশেষজ্ঞদের মতে, আগামী দশকের জন্য বাংলাদেশের উন্নয়ন তিনটি সম্ভাব্য দৃশ্যপটে প্রতিফলিত হতে পারে। প্রথমত, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, সমান সুযোগ ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন। দ্বিতীয়ত, দক্ষতার ঘাটতি, আয়বৈষম্য, অপরিকল্পিত নগরায়ণ ও কাজের অসামঞ্জস্যের কারণে প্রবৃদ্ধির সুফল সীমিত হওয়া। তৃতীয়ত, কর্মসংস্থান সংকট, জলবায়ু স্থানান্তর, ক্রমবর্ধমান স্বাস্থ্য ব্যয় ও প্রবীণদের অপর্যাপ্ত সুরক্ষার ফলে অর্থনীতি ও কাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হওয়া।

এই পরিস্থিতি মোকাবিলায় আগামী এক দশকের উন্নয়ন নীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মক্ষম তরুণ ও প্রবীণদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বজায় রাখা, লিঙ্গসমতা নিশ্চিত ও বাল্যবিবাহ রোধ করা, প্রজনন ও পরিবার পরিকল্পনার পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে লক্ষ্যমুখী পদক্ষেপ গ্রহণ করা, গ্রাম ও শহরের সুবিধার ভারসাম্য তৈরি এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসন ও অভিযোজন নিশ্চিত করা। একই সাথে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের অগ্রগতি বজায় রেখে মানসিক স্বাস্থ্য, পুষ্টি ও সার্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাজেট ও পরিকল্পনা প্রণয়নে সঠিক জনমিতিক উপাত্ত ব্যবহারের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। জনসংখ্যাকে রূপান্তরের প্রধান শক্তিতে পরিণত করে টেকসই ভবিষ্যৎ ও প্রবীণবান্ধব অর্থনীতি গড়ে তোলাই হবে আগামী দশকের মূল চ্যালেঞ্জ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo