
কোনো দেশ বা পক্ষকে খুশি করার জন্য নয়, বরং নিজেদের প্রয়োজন ও ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, এয়ারবাসের সঙ্গে এই চুক্তি কোনো পক্ষকে সন্তুষ্ট করার জন্য করা হয়নি। বরং এটি বাংলাদেশের বিমান চলাচলের প্রয়োজন মেটানোর পাশাপাশি ব্যবসায়িকভাবে যৌক্তিক। যেকোনো চুক্তি করার আগে সরকার তার ব্যবসায়িক যৌক্তিকতা ও দেশের প্রয়োজনীয়তা যাচাই করে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনগত কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের পরই এই চুক্তির পথে এগিয়েছে সরকার।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রয়োজন হলে এয়ারবাসের পাশাপাশি বোয়িংয়ের সঙ্গেও ব্যবসা করতে কোনো দ্বিধা নেই। দেশের স্বার্থে এবং অর্থনৈতিকভাবে যৌক্তিক সুযোগ থাকলে সরকার তা সবসময় বিবেচনা করবে। তিনি আরও বলেন, উড়োজাহাজ কেবল যাত্রী পরিবহনের মাধ্যম নয়, এটি বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে দেশের মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারে, রপ্তানি পণ্য নতুন বাজারে পৌঁছায়, পর্যটন ও বিনিয়োগ বাড়ে এবং প্রবাসীদের সঙ্গে যোগাযোগ শক্তিশালী হয়।
এয়ারবাসের সঙ্গে এই চুক্তিকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি মাইলফলক হিসেবে অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই নতুন সহযোগিতা কেবল উড়োজাহাজ কেনায় সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও বিনিয়োগে আরও বিস্তৃত করার সুযোগ আছে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী ও নমনীয় পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থনৈতিক কূটনীতিকে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। এয়ারবাসের সঙ্গে চুক্তির পরও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্যবসায়িক সহযোগিতার আরও সুযোগ রয়েছে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :