
জাহাজভাঙা শিল্পের মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই খাত থেকে বর্জ্য নিয়ন্ত্রণের আন্তর্জাতিক ‘বাসেল কনভেনশন’-এর ধারা প্রত্যাহার করে ‘হংকং কনভেনশন’ অনুসরণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। গত আগস্ট মাসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে প্রধান করে জাহাজভাঙা শিল্পের আইন, নীতি ও বিধিমালা পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে কমিটি জাহাজভাঙায় বাসেল কনভেনশনের বদলে হংকং কনভেনশন বাস্তবায়নের এই সিদ্ধান্ত চূড়ান্ত করে।
জাতিসংঘের উদ্যোগে ১৯৮৯ সালের ২২ মার্চ আন্তর্জাতিকভাবে ক্ষতিকর ও বিপজ্জনক বর্জ্য পরিবহন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ‘বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অব ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অব হেজার্ডাস ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল’ গৃহীত হয়। বিশ্বজুড়ে প্রবাল ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় বাংলাদেশসহ ১৭০টি দেশ এ চুক্তিতে অনুস্বাক্ষর করে। মূলত ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বন্দর থেকে ১৪ হাজার টন ক্ষতিকর ছাই বা ফ্লাই অ্যাশ নিয়ে রওয়ানা হওয়া ‘পেলিকন’ নামের একটি জাহাজ দুই বছর সাগরে ভেসে থাকার পর ১৯৮৮ সালের অক্টোবরে হাইতি উপকূলে গোপনে সেসব বর্জ্য ফেলে দেয়। পরবর্তীতে ১৯৮৯ সালের ২ জানুয়ারি ‘টাইম’ সাময়িকীতে ‘প্লানেট অব দ্য ইয়ার: ওয়েস্ট আ সিঙ্কিং মেস’ শিরোনামে ওই ঘটনার সচিত্র বিবরণ প্রকাশ পেলে বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ গড়ে ওঠে এবং বাসেল কনভেনশন তৈরির পথ সুগম হয়।
বাসেল কনভেনশনের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বাণিজ্যিক ব্যবহার শেষে ভাঙার উদ্দেশ্যে বিক্রয় করা মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে গণ্য করা হয়। এতে ঢালাওভাবে জাহাজ আমদানি বা ভাঙা নিষিদ্ধ না করা হলেও বর্জ্য বহনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা আছে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিপজ্জনক বর্জ্য পাঠাতে হলে আমদানিকারক দেশকে লিখিতভাবে জানাতে হয় এবং তাদের স্পষ্ট সম্মতি ছাড়া বর্জ্য পাঠানো যায় না। এছাড়া পরিবেশসম্মতভাবে অপসারণ না করা গেলে অনুচ্ছেদ-৮ অনুযায়ী রপ্তানিকারক দেশ সেই বর্জ্য ফেরত নিতে বাধ্য থাকে। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) অধীনে তৈরি হংকং কনভেনশন মূলত ইয়ার্ডে নিরাপদ জাহাজভাঙা কার্যক্রম পরিচালনাকে গুরুত্ব দেয়, কিন্তু এতে পুরনো জাহাজকে বর্জ্য হিসেবে চিহ্নিত করার বিধান বেশ দুর্বল।
প্রস্তাবিত এই পরিবর্তন নিয়ে জাহাজভাঙা শিল্পের মালিক ও পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে চরম মতভিন্নতা তৈরি হয়েছে। বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড শিপ রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন জানান, দেশে গ্রিন ইয়ার্ড তৈরিতে একেকটি ইয়ার্ডে ১৫০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। হংকং ও বাসেল কনভেনশনকে একই রোগের দুই চিকিৎসক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আইএমও এবং বৈশ্বিক শিপিং লাইন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো হংকং কনভেনশনের সঙ্গে যুক্ত রয়েছে। তাই তারা হংকং কনভেনশন অনুসরণের জন্য সরকারকে অনুরোধ করেছিলেন।
বিপরীতে পরিবেশবাদীরা এই পদক্ষেপ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উন্নত বিশ্বের বিষাক্ত বর্জ্য জাহাজভাঙার নামে কম উন্নত দেশে পাচার করার কৌশল বাসেল কনভেনশনের মাধ্যমে উন্মোচিত হয়। এ কারণেই ইয়ার্ড মালিকেরা এই আন্তর্জাতিক সনদের কঠোর আইনি কাঠামো থেকে বেরিয়ে যেতে চান।
একইভাবে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইনভিল্ড জেনসেন জানান, ক্ষতিকর বর্জ্যের দূষণ থেকে সামুদ্রিক পরিবেশ, বাস্তুতন্ত্র ও উপকূলের মানুষকে মুক্ত রাখতে বাসেল কনভেনশন মানা জরুরি। হংকং কনভেনশনে নিরাপদ জাহাজভাঙার নিয়ম কানুন কিছুটা দুর্বল হওয়ায় এটি একা যথেষ্ট নয়। দুটি কনভেনশন পাশাপাশি চালু রাখলে পরিবেশ ও শ্রমিক সুরক্ষা অনেক বেশি মজবুত হতো বলে তিনি মত দেন।
সার্বিক বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, সামুদ্রিক জাহাজসংক্রান্ত বিষয়াদি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) তদারকি করে এবং দেশের গ্রিন ইয়ার্ডগুলো তাদের হংকং কনভেনশনের আলোকেই গড়ে তোলা হয়েছে। ইয়ার্ডগুলোতে বর্জ্যের সুনির্দিষ্ট স্থান, লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডারের কাছে বিক্রির ব্যবস্থা এবং চট্টগ্রাম ও মিরসরাই এলাকায় ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) গড়ে তোলায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমস্যা হবে না বলে দাবি করেন তিনি।
আপনার মতামত লিখুন :