Facebook Twitter Instagram YouTube

নিউ ইয়র্কে রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ /
নিউ ইয়র্কে রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ রাজু নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল নামের অপর এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ভোরে ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভেনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্ট’-এ এই হামলার ঘটনা ঘটে।

তদন্তকারী পুলিশের তথ্য অনুযায়ী, ৪৪ বছর বয়সি রাজুর ডান পায়ে এবং ৩৯ বছর বয়সি রাসেলের মাথায় গুলি লেগেছিল। গুরুতর আহত রাজুকে দ্রুত ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কমিউনিটি সূত্রে জানা গেছে, রেস্তোরাঁটিতে এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করলে রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

নিহত ইউসুফ রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। তিনি প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন সন্তানসহ বাবা-মা ও ভাই-বোন রয়েছেন। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে।

নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) ঘটনাটি তদন্ত করছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানিয়েছেন, রাজুর স্বজনরা বাংলাদেশ থেকে ফোন করে তার মরদেহ দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin