Facebook Twitter Instagram YouTube

গ্যাস অনুসন্ধান বাড়াতে বাপেক্সের বহরে যুক্ত হচ্ছে দুটি আধুনিক রিগ


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ /
গ্যাস অনুসন্ধান বাড়াতে বাপেক্সের বহরে যুক্ত হচ্ছে দুটি আধুনিক রিগ

দেশের অভ্যন্তরীণ উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে অনুসন্ধান কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির বহরে দুটি আধুনিক রিগ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানিয়েছেন, দুটি নতুন অনুসন্ধান কূপ খনন রিগ কেনার প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

বর্তমানে বাপেক্সের বহরে বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১সহ মোট পাঁচটি রিগ রয়েছে। নতুন দুটি রিগ যুক্ত হলে এই সংখ্যা সাতে উন্নীত হবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২ হাজার হর্সপাওয়ার ক্ষমতার একটি রিগ ক্রয়ের মূল্যায়ন প্রক্রিয়া বর্তমানে চলছে। এছাড়া ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতার আরেকটি রিগ সংগ্রহের জন্য বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে, যা চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাপেক্স বর্তমানে নিয়মিতভাবে বিভিন্ন কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) একটি মূল্যায়নসহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপটি প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপটি প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ অনুসন্ধান কূপটি প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। খনন কাজ শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে কূপগুলো পরীক্ষণ ও সম্পন্নকরণের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh