Facebook Twitter Instagram YouTube

২০ নভেম্বর বাচসাসের দ্বিবার্ষিক নির্বাচন, চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ / ০
২০ নভেম্বর বাচসাসের দ্বিবার্ষিক নির্বাচন, চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২০ নভেম্বর (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভায় এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনারদের সঙ্গে বাচসাসের কার্যনির্বাহী কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে তাদের দায়িত্ব স্থানান্তর করেছে, যার জন্য তাদের ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা কাজ করছি।

নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে জানিয়ে বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল যৌথ প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন নিয়ে সবাই আগ্রহভরে অপেক্ষা করছেন। সবার অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে একটি জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বাচসাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত দিনে জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। যৌথসভায় বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং নির্বাহী সদস্য সাজু আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। এছাড়া কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh