Facebook Twitter Instagram YouTube

মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি জহির ওএসডি


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ / ০
মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি জহির ওএসডি

পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, তাকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১ এ অবস্থিত ওই পুলিশ কর্মকর্তার একটি প্লটে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালায়। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। একইসঙ্গে ডিজে পার্টির নামে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের আলামত জব্দ করা হয়েছে। অভিযানকালে বেশ কিছু গাড়িও জব্দ করেছে পুলিশ এবং প্লটটি পরিচালনার দায়িত্বে থাকা মাহবুবসহ ২৬ জন নারী ও ৮৪ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসাটিতে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছেন এবং তিনি নিজে সেখানে থাকেন না। ডিবির তথ্য অনুযায়ী, প্লটটিতে পাঁচটি কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটের মাধ্যমে ভাড়া দেওয়া হতো। সেখান থেকে বুকিং নিয়ে তরুণ-তরুণীরা ডিজে পার্টি ও মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করত।

এদিকে, নিজের মালিকানাধীন বাড়িতে মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সমকালকে জানান, সোমবার একটি জন্মদিনের পার্টির জন্য বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানার বিধানসহ ভাড়াটিয়াদের কি করা যাবে আর কি করা যাবে না, তা বলে দেওয়া হয়। তিনি বলেন, যারা ভাড়া নিয়েছে তারা নিয়ম ভঙ্গ করেছে, এতে তাদের কেউ সম্পৃক্ত নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh