
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সরকার। রবিবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার প্রক্রিয়া শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে এবং এ বিষয়ে আলোচনা চলছে। কোনো ধরনের অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা জানানো হবে।
দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পর্কে সর্বশেষ তথ্য তার কাছে নেই। তিনি বিভিন্ন বৈঠক শেষ করে এসেছেন, তাই হালনাগাদ তথ্য না জেনে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। এ সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
আপনার মতামত লিখুন :