Facebook Twitter Instagram YouTube

দায়িত্ব থেকে সরানো হলো বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ /
দায়িত্ব থেকে সরানো হলো বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে

প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। পার্সোনেল শাখার ব্যবস্থাপক উম্মে কুলসুম স্বাক্ষরিত এই আদেশে তাকে বিমানের এমডি ও সিইও দপ্তরে সংযুক্ত (ওএসডি) করার কথা জানানো হয়েছে। বোসরা ইসলামের জায়গায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে করপোরেট প্ল্যানিং বিভাগের জিএম মো. মহিউদ্দিনকে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিমানের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে তথ্য সরবরাহে গাফিলতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে আসা বিজি-৩০৬ ফ্লাইটটি ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে পড়ার সময় সংকটকালীন তথ্য ব্যবস্থাপনায় জনসংযোগ বিভাগের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই ফ্লাইটের যাত্রীরা দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকা পড়ার পর বিমানবন্দরে ভোগান্তির শিকার হন।

বোসরা ইসলামের বিরুদ্ধে বিমানের তদন্ত-সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে। এর মধ্যে বিশেষ করে বিমানের আলোচিত দম্পতি শামীমা পারভিন ও শাহজাহানের বিরুদ্ধে অনিয়ম ও মানবপাচারের তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, শামীমা পারভিনের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

এছাড়া ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিমানের ভেতরে বোসরা ইসলামের প্রভাব বজায় ছিল বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, তার দুলাভাই এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান থাকায় তিনি সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধা প্রদানসহ গুরুত্বপূর্ণ নথি গায়েব করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে গত তিনদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বোসরা ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor