Facebook Twitter Instagram YouTube

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস: মৃতের সংখ্যা বেড়ে সাত


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ /
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস: মৃতের সংখ্যা বেড়ে সাত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডটিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ থাকলেও সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাঙ্ক লিকেজ হয়ে গ্যাস নির্গত হতে থাকে। এই দৃশ্য দেখতে গিয়ে স্থানীয় বহিরাগত কয়েকজন মানুষ জমে থাকা গ্যাসে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটে এবং আরও অন্তত তিনজন অসুস্থ হয়ে পড়েন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। নিহতরা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, স্থানীয় জেলেরা জানিয়েছেন, গ্যাসের তীব্র গন্ধ এতটাই প্রকট ছিল যে, সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেরা কারখানাটির পাশের খালে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তাদের অন্তত আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh