
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের একদিন আগে রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, ইমেইল, ফোনকল ও বিভিন্ন বার্তার মাধ্যমে এই হুমকিগুলো এসেছে। হুমকির তালিকায় দিল্লি হাইকোর্ট এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস/ডিএম অফিস এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম কার্যালয় রয়েছে। এছাড়াও দিল্লি মেট্রো এবং আমবালাগামী ট্রেনেও হামলার হুমকি দেওয়া হয়েছে।
‘খালিস্তান’ নামে পাঠানো একটি ইমেইলে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’ শিরোনামের ওই ইমেইলে দাবি করা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ ঘটানো হবে এবং এর এক ঘণ্টা পর বিভিন্ন জেলা আদালতেও একই ধরনের হামলা চালানো হবে। ইমেইলে দাবি করা হয়েছে, দিল্লির আদালতগুলোতে শিখদের বিরুদ্ধে মামলা পরিচালনার প্রতিবাদে এবং স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘খালিস্তান’-এর সদস্যরা ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছে বলেও ইমেইলে উল্লেখ করা হয়েছে।
হুমকি পাওয়ার পর দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আদালত চত্বরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রাথমিক তদন্তে হুমকিটি ভুয়া বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
দিল্লি ফায়ার সার্ভিস হুমকির খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট স্থানগুলোতে অগ্নিনির্বাপক গাড়ি পাঠিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। স্বাধীনতা দিবস সামনে রেখে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে বলে এএনআই জানিয়েছে।
আপনার মতামত লিখুন :