Facebook Twitter Instagram YouTube

রোমে বিকল হওয়া বিমান ত্রুটিমুক্ত, আজই ফিরছে ঢাকায়


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৬:১১ পূর্বাহ্ণ /
রোমে বিকল হওয়া বিমান ত্রুটিমুক্ত, আজই ফিরছে ঢাকায়

কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার পথে ইতালির রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি মেরামত করা হয়েছে। ঢাকা থেকে যাওয়া একটি বিশেষ প্রকৌশলী দল শনিবার রাতে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিকল উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সফলভাবে সমাধান করে সেটিকে উড্ডয়ন উপযোগী ঘোষণা করেছে।

শনিবার রাত সোয়া ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি দূর করার পর সেটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়েছে এবং ওই সময় পর্যন্ত অপারেশনাল প্রস্তুতি চলছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, বিজি ৩০৫ নামের এই ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় রোববার ভোর ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, গত বৃহস্পতিবার ২৫৯ জন যাত্রী নিয়ে টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমানের বিজি ৩০৫ ফ্লাইটটি। শুক্রবার ইতালির রোম বিমানবন্দরে জ্বালানি নেওয়ার জন্য উড়োজাহাজটি যাত্রাবিরতি করে। সেখানেই প্রথম কারিগরি ত্রুটি ধরা পড়ে। স্থানীয়ভাবে দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টা করেও ত্রুটির সমাধান করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের জন্য সাময়িকভাবে হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়।

পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জামসহ বিমানের একটি বিশেষ প্রকৌশলী দল ঢাকা থেকে রওনা দেয়। বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ১১টার দিকে দলটিকে বহনকারী একটি ফ্লাইট রোমে পৌঁছায়। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই প্রকৌশলীরা দ্রুত মেরামত কাজ শুরু করেন এবং উড়োজাহাজটিকে পুনরায় সচল ও উড্ডয়ন উপযোগী করে তোলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh